বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলশী হালদার পাড়ায় যদু ফকিরের বসতঘরের ভেতর ইয়াবা ক্রয়-বিক্রয় চলাকালে এলাকার সচেতন লোকজন তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, ওই রাতে দৌলতপুর থানার এসআই (নিঃ) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে ছিলেন। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এ সময় শিউলি বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় থানায় একটি মামলা (এফআইআর নং-০৫, (৬ নভেম্বর) রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মো. সাইফুল ইসলামকে।
ওসি আরও বলেন, স্থানীয়দের এই সচেতনতা সত্যিই প্রশংসনীয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।