ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 8:08 PM
ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি
কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া গেছে জেলা পুলিশের এক সদস্যের শরীরে। মো. ওসমান গনি নামের ওই কনস্টেবলের ডোপ টেস্টের ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার প্রতিবেদনটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
ওসমান গনি জেলা পুলিশের একজন ড্রাইভার কনস্টেবল। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামে। তার বাবার নাম আব্দুল কুদ্দুছ। এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ নীতি পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে পুলিশ সদস্যদের কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিশ্চিত করতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তার ফল পজিটিভ আসায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।