মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 4:28 PM
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি?
মরক্কোর রাজনৈতিক ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজকীয় দপ্তরের এক ঘোষণায় জানানো হয়, দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ফাতেমা জাহরা এল মানসুরিকে নতুন সরকার গঠনের ঐতিহাসিক দায়িত্ব দিয়েছেন।
তিউনিসিয়ার নাজলা বাউডেনের পর ফাতিমা জাহরাই পুরো আরব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন।
মরক্কোর সংবিধান অনুযায়ী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল থেকেই প্রধানমন্ত্রী বেছে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ফাতিমা জাহরার মধ্য-ডানপন্থী দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সম্প্রতি প্রতিনিধি পরিষদ নির্বাচনে ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টিতে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলে তার এই অর্জনের পথ সুগম হয়। এই অর্জনকে মরক্কোর সমস্ত নারীর জন্য এক বিরাট গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেছেন তিনি।
৫০ বছর বয়সি আইনজীবী ফাতিমা জাহরা এল মানসুরি দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে বেশ পরিচিত ও প্রভাবশালী মুখ। ২০০৮ সালে পিএএম দলটি প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে ২০২৪ সালের মধ্যে দলের অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন।
শুধু জাতীয় রাজনীতিতেই নয়, স্থানীয় রাজনীতিতেও তার ঝুলিতে রয়েছে বড় সাফল্যের রেকর্ড।
২০০৯ সালে মাত্র ৩৭ বছর বয়সে ঐতিহ্যবাহী মারাকেশ শহরের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। ছয় বছর সেই দায়িত্ব পালন করার পর ২০২১ সালে তিনি আবারও শহরের মেয়র নির্বাচিত হন।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি জাতীয় সংসদের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
সামনে যেসব বড় চ্যালেঞ্জ
ক্ষমতায় এসেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে বেশ কিছু বড় অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান তৈরি এবং মজুরি বাড়ানোর মতো স্পর্শকাতর বিষয়গুলোতে দ্রুত সমাধান আনতে হবে তাকে।
একই সঙ্গে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে মরক্কোর অবকাঠামো উন্নয়ন ও শত শত কোটি ডলারের বড় বড় বিদেশি বিনিয়োগ তদারকি করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও থাকবে তার ওপর।
তবে এই সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আগে তার বড় পরীক্ষা হবে নতুন জোট সরকার গঠন করা। প্রধান বিরোধী দলগুলো জোটে না আসার ঘোষণা দেওয়ায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করাই এখন ফাতিমা জাহরার সর্বপ্রথম ও প্রধান কাজ।