ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 28 September, 2026, 6:07 PM

মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার

মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার

বাংলাদেশ আপনার, আমার ও আমাদের সকলের। "রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, তবে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। দেশকে  সঠিক পথে চালাতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ আয়োজনে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'-এর শতাধিক কর্মী। এই কার্যক্রমে সভাপতিত্ব করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। 

এ কর্মসূচি উদ্বোধনের পূর্বে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ শেষে স্বেচ্ছাসেবকরা লাইফ জ্যাকেট, গ্লাভস ও সরঞ্জাম নিয়ে সরাসরি খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের  কর্মকাণ্ড শুরু করেন।

    বক্তব্যের শুরুতেই পরিচ্ছন্নতার সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, "ইসলাম ধর্মের মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। শুধু ইসলাম নয়, প্রত্যেকটি ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সামাজিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত এবং এটি সবারই কাম্য। দুর্ভাগ্যবশত, কেবল সচেতনতার অভাবেই আমরা এই জরুরি কাজটি থেকে বিরত থাকি।"

    বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "বিডি ক্লিনের বন্ধুরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, এটি গত প্রায় দুই দশক ধরে এমন বেহাল অবস্থার মধ্যে ছিল। এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং বিডি ক্লিনের সকল স্বেচ্ছাসেবক বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।"

    সারা দেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দুর্গাপুর, কলমাকান্দাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ ডেঙ্গুর প্রকোপ ও নানা ধরনের ছোঁয়াচে বা আবর্জনাজনিত রোগ বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিশুরাই এসবের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মের জন্য, আমাদের শিশুরা যেনো সুস্থ থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে, এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন। 

    অনুষ্ঠানে বিডি ক্লিনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়। এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, "বিডি ক্লিন আজ আমাদের যে শপথ পড়িয়েছে, সেখানে বলা হয়েছে- মানবিক এবং কার্যকর রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই কাজ করব। আমি নিজেও শপথটি পড়েছি এবং সবাইকে এটি অন্তরে ধারণ করার অনুরোধ জানিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।"
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "আমি সকলের প্রতি অনুরোধ জানাব, অতীতকে ভুলে গিয়ে বা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্ম সুখী ও সুন্দর দেশ পাবে।"

এসময়, উপজেলা ও পৌর বিএনপি‘র নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status