গাজীপুরে ভাড়া বাসায় পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Sunday, 27 September, 2026, 6:11 PM
গাজীপুরে ভাড়া বাসায় পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গাছা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় আবুল কালামের বাড়ির একটি ভাড়া ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন (৪৩) ও মো. জয়নাল উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে স্টিলের তৈরি একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুল্লাহর স্থায়ী ঠিকানা কুনিয়া তারগাছ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে পূর্বের ৯টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আলমগীর হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম দিঘলী এলাকায়। তার বিরুদ্ধে মানব পাচার ও মাদক আইনে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃতীয় ব্যক্তি জয়নাল উদ্দিন কুনিয়া তারগাছ এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় গাছা থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর-৪২, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।