গুইমারায় সেনাসম্প্রীতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
মাঈন উদ্দিন বাবলু,,গুইমারা
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:41 AM
গুইমারায় সেনাসম্প্রীতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল দলের সহযোগিতায় প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, চক্ষুজনিত সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এদিকে, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সদের একটি দল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যাম্পেইনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। তারা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সহযোগিতা করেন।
গুইমারায় সেনাসম্প্রীতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
এলাকাবাসীর পক্ষ থেকে এক জনপ্রতিনিধি বলেন, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন এলাকার তরুণীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম দেওয়ার ফলে তারা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে গুইমারা এলাকার সুবিধাভোগী মানুষ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশ সেনাবাহিনী ও সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন আয়োজন করা হবে। পরবর্তীতে আরও বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পুনরায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, এলাকার শান্তি, সম্প্রীতি ও জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।