ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 August, 2026, 4:04 PM

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার (২৫ আগস্ট) এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক। 

এই চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

চুক্তির গুরুত্ব তুলে ধরে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএস-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো। তবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সাথে যুক্ত থাকবে। বাবা-মা চাইলে দেখতে পারবেন তাদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে। তিনি বলেন, সরাসরি সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ায় এখন কাগজপত্রের ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে, যা তাদের উপবৃত্তির টাকা পাওয়া আরও সহজ করবে।

উদ্যোগটি সম্পর্কে বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নগদের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের জন্ম নিবন্ধন সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি বড় পদক্ষেপ। স্বয়ংক্রিয়ভাবে জন্ম সনদ যাচাইয়ের ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে, যা সরকারি উপবৃত্তি বিতরণে পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।

বিডিআরআইএস-এর পক্ষে উপ-রেজিস্ট্রার জেনারেল মো. লুৎফুর রহমান, সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ ও প্রোগ্রামার ফাহমিদা শিরিন উপস্থিত ছিলেন। এ সময় নগদের পক্ষে সহযোগী প্রশাসক চয়ন বিশ্বাস, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স এক্সপার্ট ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক ও নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status