|
ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ রকিবুল হায়দার চৌধুরী জানান, ২০২৫ সালের ৩০ মার্চ তিনি হাইসেন্সের একটি নো ফ্রস্ট ডাবল ডোর রেফ্রিজারেটর কেনেন। আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য হওয়ায় মানের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা নিয়েও তাঁর প্রত্যাশা ছিল। কিন্তু ফ্রিজটি হঠাৎ ঠান্ডা করা বন্ধ করে দিলে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ওয়ারেন্টির আওতায় থাকা পণ্যটির সমস্যা সমাধানে দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো কার্যকর সেবা পাননি বলে অভিযোগ তাঁর। গ্রাহকের ভাষ্য, গত ৮ অক্টোবর প্রথমবার হাইসেন্সের গ্রাহকসেবা কেন্দ্রে সমস্যার কথা জানান তিনি। অভিযোগ গ্রহণ করা হলেও কার্যকর কোনো সাড়া পাননি। পরে ১১ অক্টোবর একাধিকবার ফোন করার পর একজন সেবাকর্মী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বাসায় গিয়ে ফ্রিজ পরীক্ষা করার কথা থাকলেও পরে আর যোগাযোগ করেননি তিনি। রকিবুল হায়দার চৌধুরীর অভিযোগ, ২১ অক্টোবর একাধিকবার যোগাযোগের পর একজন সেবাকর্মী তাঁর বাসায় গিয়ে ফ্রিজ পরীক্ষা করেন। তখন তাঁকে জানানো হয়, সেন্সর নষ্ট হয়ে যাওয়ায় ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না। প্রয়োজনীয় সেন্সর কোম্পানির কাছে মজুত নেই এবং সেটি আমদানি করা হচ্ছে। ১০ নভেম্বরের মধ্যে যন্ত্রাংশটি পাওয়া যেতে পারে বলেও জানানো হয়। এ সময় ওই কর্মী তাঁর এক জ্যেষ্ঠ সহকর্মীর মুঠোফোন নম্বর দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করেও যন্ত্রাংশ আসার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি বলে দাবি করেন গ্রাহক। তিনি জানান, ৯ নভেম্বর আবার যোগাযোগ করলে তাঁকে বলা হয়, প্রয়োজনীয় সেন্সর পাওয়া গেছে এবং পরদিন সেটি পরিবর্তন করে দেওয়া হবে। কিন্তু ১০ নভেম্বর ওই কর্মী বাসায় যাননি, এমনকি যোগাযোগও করেননি। পরদিন ১১ নভেম্বর ফোন করলে জানানো হয়, তাঁর ফ্রিজের জন্য রাখা সেন্সরটি অন্য এক গ্রাহকের সেবা দিতে রংপুরে পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে আবারও আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমাও পার হয়ে যায়। রকিবুলের দাবি, এরপর নিয়মিত গ্রাহকসেবা কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবার অভিযোগ নথিভুক্ত করার কথা জানানো হয়েছে। সমস্যার সমাধান কবে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রথমে ১০ নভেম্বরের মধ্যে যন্ত্রাংশ পাওয়ার কথা বলা হলেও সর্বশেষ এক জ্যেষ্ঠ প্রকৌশলী তাঁকে জানিয়েছেন, সেন্সরটি ৫ ডিসেম্বর আসতে পারে। এ অবস্থায় ফ্রিজটি কবে সচল হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। রকিবুল হায়দার চৌধুরী বলেন, ওয়ারেন্টির আওতায় থাকা পণ্য নষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পাওয়া গ্রাহকের প্রত্যাশা। কোম্পানি সময়মতো সেবা দিতে না পারলে তার দায় গ্রাহকের ওপর চাপানো উচিত নয়। ওয়ারেন্টি শুধু বিক্রির সময় প্রচারের বিষয় নয়, প্রয়োজনের সময় সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও। ভোগান্তির প্রতিকার চেয়ে তিনটি দাবি জানিয়েছেন তিনি। দ্রুত ফ্রিজটি মেরামত করে সচল করা, নির্ধারিত সময়ে ওয়ারেন্টির সেবা দিতে ব্যর্থ হলে নতুন ফ্রিজ দেওয়া এবং সেবা প্রদানে বিলম্বের কারণে ওয়ারেন্টির যে সময় নষ্ট হচ্ছে, তার যথাযথ প্রতিকার নিশ্চিত করা। তিনি জানান, ইতিমধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। তাঁর উদ্দেশ্য কাউকে হেয় করা নয়; বরং নিজের অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে অন্য ক্রেতাদের পণ্য কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিক্রয়োত্তর সেবা সম্পর্কে সচেতন করা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
