|
A+ থেকে বড় স্বপ্নের পথে, বাউফলে সংবর্ধিত ১২৯ কৃতি শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
|
![]() A+ থেকে বড় স্বপ্নের পথে, বাউফলে সংবর্ধিত ১২৯ কৃতি শিক্ষার্থী শুক্রবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়; এটি ভবিষ্যতের বড় সাফল্যের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ। মেধা ও পরিশ্রমের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই শিক্ষাজীবন পূর্ণাঙ্গ হয় না। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মায়ের ত্যাগ ও কষ্টকে স্মরণ করে তাঁদের স্বপ্ন পূরণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের শেষ গন্তব্য নয়, বরং বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। নির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের শিক্ষা ও কর্মজীবনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বাউফলের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মু. শরফুদ্দিন, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, বাউফল উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আতিক নজরুল এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ। এ সময় বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
