ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে কাতারকে আহবান ড. শিরীন শারমিন চৌধুরীর
কাজী শামীম, কাতার
প্রকাশ: Saturday, 6 April, 2019, 6:56 PM

বাংলাদেশে বিনিয়োগে কাতারকে আহবান ড. শিরীন শারমিন চৌধুরীর

বাংলাদেশে বিনিয়োগে কাতারকে আহবান ড. শিরীন শারমিন চৌধুরীর

বিশ্বের অন্যতম ধনী এবং মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সমৃদ্ধ দেশ কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত শুক্রবার কাতারের দোহায় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন আবদুল্লা বিন জায়েদ আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই স্পিকার সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার শিরিন শারমিন বলেন, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘উন্নয়ন বিস্ময়’ উল্লেখ করে তিনি বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানির দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ ।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সফলতা নিয়ে স্পিকার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৫০০ মেগাওয়াট। সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছ।

স্পিকার আরো বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারাদেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। তিনি এর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি  বিদ্যুৎ, ঔষধ ও আইসিটি খাতে কাতার সরকারকে বিনিয়োগ করার আহবান জানান।

কাতারের শুরা কাউন্সিলের স্পিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে  অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাণিজ্য প্রসারে কাতার বাংলাদেশে বিনিয়োগ করবেন মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন। তিনি দু'দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে কাতারের আগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

ড.  শিরীন শারমিন চৌধুরী কাতারে অনুষ্ঠিতব্য ১৪০তম এসেম্বলির সার্বিক সফলতা কামনা করেন। তিনি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং শুরা কাউন্সিলের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status