ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
২৬ বছরের শিক্ষকতা শেষে প্রবোধ কুমার চাকমাকে অশ্রুসিক্ত বিদায়
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 15 October, 2026, 8:29 PM

২৬ বছরের শিক্ষকতা শেষে প্রবোধ কুমার চাকমাকে অশ্রুসিক্ত বিদায়

২৬ বছরের শিক্ষকতা শেষে প্রবোধ কুমার চাকমাকে অশ্রুসিক্ত বিদায়

একসময় যাঁর কণ্ঠে মুখরিত হতো শ্রেণিকক্ষ, যাঁর পাঠদানে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ—সেই প্রিয় শিক্ষক প্রবোধ কুমার চাকমাকে আবেগঘন আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২৬) অবসরে গেলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রবোধ কুমার চাকমা।
 
প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার। শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় আবেগ, স্মৃতিচারণ ও ভালোবাসার মিলনমেলায়।
 
সহকর্মীদের শ্রদ্ধা এবং শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন দীর্ঘদিনের এই শিক্ষক। কর্মজীবনের সমাপ্তি হলেও শিক্ষার্থীদের জীবনে তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও স্মৃতি অমলিন থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
 
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রবোধ কুমার চাকমা ২০০০ সালে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ প্রায় ২৬ বছর তিনি এ বিদ্যালয়ে পাঠদান করেন। এ সময়ে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি তাঁদের জীবন গড়ার পথেও দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
 
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহেদুল ইসলাম। সঞ্চালনা করেন শিক্ষক হারুনর রশীদ।
 
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, দীঘিনালার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় প্রত্যাশিত উন্নয়ন থেকে এখনও পিছিয়ে রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত ও অন্যান্য সমস্যা সমাধানে উপস্থিত রাজনৈতিক নেতাদের সুদৃষ্টি কামনা করেন তিনি।
 
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত প্রবোধ কুমার চাকমা বলেন, দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। কর্মজীবন থেকে বিদায় নিলেও তাঁর শিক্ষার্থীরা জীবনে অনেক দূর এগিয়েছে—এটাই তাঁর সবচেয়ে বড় গর্ব। দায়িত্ব পালনকালে অজান্তে কোনো ভুল হয়ে থাকলে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি সবার দোয়া কামনা করেন।
 
জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ বলেন, প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। একসময় তিনিও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ফলে বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার অনুভূতি ও কষ্ট তিনি উপলব্ধি করতে পারেন।
 
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন তিনি। শিক্ষার্থীরা খেলার সরঞ্জাম এবং ছাত্রীদের জন্য একটি কমন রুমের দাবি জানায়। জবাবে আরিফুল ইসলাম জাহিদ এক মাসের মধ্যে এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহেদুল ইসলাম বলেন, সময়ের স্বল্পতার কারণে তিনি বিস্তারিত বক্তব্য দিতে পারেননি। তবে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে প্রবোধ কুমার চাকমার বিদায় অনুষ্ঠানটি হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর দীর্ঘদিনের সম্পর্ক, শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতির এক আবেগঘন মিলনমেলা। কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁর শিক্ষা ও আদর্শ শিক্ষার্থীদের জীবনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা উপস্থিত সবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status