|
শেয়ারবাজারে কারসাজি, সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেয়ারবাজারে কারসাজি, সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক এছাড়া সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু চক্রের ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা হয়েছে দুদকে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাতের মামলার নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয়, টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমুসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
