|
মাছ ধরতে চাঁদা দাবির অভিযোগে রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন
মো: বাচ্চু, রাঙ্গাবালী
|
|
![]() মাছ ধরতে চাঁদা দাবির অভিযোগে রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন ‘রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের সাধারণ জেলে’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক জেলে অংশ নেয়। জেলেদের অভিযোগ, আজিজ মাহমুদ ও মান্নান ঢালী নামে দুজন ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের মাছ ধরতে বাঁধা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। জেলেদের দাবি, চাঁদা না পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা মাছ শিকারে বাঁধা দিচ্ছেন। এতে ইলিশের মৌসুম শুরু হলেও অনেক জেলে চরহেয়ার সংলগ্ন চর ও সাগর মোহনায় নামতে পারছেন না। ফলে তাঁদের জীবিকা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বিঘ্নে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন মৎস্যজীবী শাহ জালাল মীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি চরহেয়ার চরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। পাশাপাশি অসচ্ছল জেলেদের আর্থিক সহায়তা দিয়ে মাছ ধরার সুযোগ তৈরি করে দিচ্ছেন এবং তাঁদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছেন। শাহ জালাল মীরের অভিযোগ, সম্প্রতি মান্নান ঢালীসহ কয়েকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে চরে অবস্থান করছেন এবং জেলেদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা না পেয়ে তাঁরা জেলেদের মাছ ধরতে বাঁধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইলিশের মৌসুম শুরু হলেও বাধার কারণে অনেক জেলে মাছ ধরতে পারছে না। তাই ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে মান্নান ঢালী বলেন, দীর্ঘদিন ধরে শাহ জালাল মীর ও তাঁর সহযোগীরা কলাগাছিয়া চর দখল করে সাধারণ জেলেদের জিম্মি করে মাছের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সাধারণ জেলেদের অনুরোধে তিনি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী বিএলসি (অনুমতিপত্র) নিয়ে বৈধভাবে মাছ শিকারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে একটি স্বার্থান্বেষী মহলের অবৈধ স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। মান্নান ঢালী আরও দাবি করেন, সম্প্রতি শাহ জালাল মীর ও তাঁর সহযোগীরা তাঁর এবং সাধারণ জেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, চর হেয়ারে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় আজিজ মাহমুদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
