|
গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার বাজেট ঘোষণা, অগ্রাধিকার বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার বাজেট ঘোষণা, অগ্রাধিকার বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। এ সময় সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন জোনের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে দুই হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে দুই হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে। অন্যদিকে ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে এক হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের তিন হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে দুই হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা খাতে প্রায় ১১২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এ খাতের আধুনিকায়নের অংশ হিসেবে ৩৭টি নতুন যানবাহন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য অপসারণের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে। গাজীপুর চৌরাস্তায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ সম্পন্ন হয়েছে এবং রাজেন্দ্রপুরে আরেকটি আধুনিক এসটিএস নির্মাণাধীন। এছাড়া নাওজোড়, চেরাগআলী ও টঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় আরও ২০টি এসটিএস নির্মাণের কাজ চলছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। নগর সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ ও খাল পুনঃখননে প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে নগরজুড়ে প্রায় তিন হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি স্টেশনগুলোতে সৌন্দর্যবর্ধন, রঙ ও গ্রাফিতির কাজও চলমান রয়েছে। সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কারে প্রায় ৩৭৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, নাওজোড়-কাশিমপুর সেতু, জয়দেবপুর রেলওয়ে ওভারপাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে টঙ্গীর ১৫টি ওয়ার্ড এবং জয়দেবপুরের আটটি ওয়ার্ডে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার ও কবরস্থান নির্মাণের উদ্যোগও চলমান রয়েছে। স্বাস্থ্য খাতের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির তথ্য শতভাগ ই-ট্র্যাকার সার্ভারে অন্তর্ভুক্ত করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর সিটি করপোরেশন। এছাড়া টাইফয়েড ও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতেও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং পরীক্ষামূলকভাবে পরিবেশবান্ধব বিটিআই প্রয়োগের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শিক্ষা ও ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে কোনাবাড়ীতে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী অর্থবছর থেকে চালু হবে। এছাড়া সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ এবং আটটি জোনে অতিরিক্ত মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রশাসক আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে কোনো হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। আগামী ২০২৮-২৯ অর্থবছরে পুনরায় রি-অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু হবে। বাজেট বাস্তবায়নে সাংবাদিক, জনপ্রতিনিধি ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এগিয়ে আসার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
