|
মেয়েকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() মেয়েকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরসংলগ্ন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, পরিবার নিয়ে নৌকায় করে হাওর ভ্রমণে বের হয়েছিলেন মিলন। একপর্যায়ে করিমগঞ্জ উপজেলার শেষ সীমান্তে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন একটি ডুবুডুবু সড়কে নৌকা ভিড়িয়ে সবাই গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় তার মেজো মেয়ে শেমন্তী আক্তার। মেয়েকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন বাছির উদ্দিন মিলন। প্রাণপণ চেষ্টায় মেয়েকে নিরাপদে তীরে তুলতে সক্ষম হলেও নিজে আর তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে উঠতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা এবং মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
