|
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ মডেল ফারিয়ার সভাপতি এমদাদুর রহমান হিরন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক রাম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী, সদস্য জহিরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই দালাল নন; তারা স্বীকৃত পেশাজীবী। বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বিভিন্ন ওষুধ কোম্পানির নতুন উদ্ভাবন, কার্যকারিতা, সঠিক ডোজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে উপস্থাপন করাই তাদের দায়িত্ব। দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আর এই খাতে প্রায় তিন লাখ শিক্ষিত ও দক্ষ প্রতিনিধি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারা আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আধুনিক ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান রয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তারা একটি সেতুবন্ধনের ভূমিকা পালন করেন বলে বক্তারা দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আক্ষেপ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান, অবজ্ঞা ও মানসিক নিগ্রহের শিকার হন। কিছু ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ বলে সম্বোধন করা হয়, যা তাদের ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে। এ ধরনের আচরণ তাদের এবং তাদের পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মানববন্ধন থেকে বক্তারা জোরালোভাবে দাবি জানান—মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা সুরক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সহযোগিতামূলক কর্মপরিবেশ গড়ে তোলা হোক। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ন্যায্য দাবি তুলে ধরে ভবিষ্যতে পেশাগত পরিবেশ উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
