|
এনায়েতপুরে রাস্তার বেহাল দশা, প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে ধানের চারা রোপণ
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে রাস্তার বেহাল দশা, প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে ধানের চারা রোপণ দীর্ঘদিন ধরে সড়কের এমন করুণ অবস্থার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদস্বরূপ তারা সড়কের মাঝেই ধানের চারা রোপণ করেন এবং দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানান। গত অর্থবছরে মনাকষা থেকে এনায়েতপুর মন্ডলপাড়া মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উঁচুকরণের কাজ শুরু হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে পুরাতন রাস্তা ভেঙে নতুন মাটির রাস্তা নির্মাণ করা হলেও কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে পুনরায় খানাখন্দ সৃষ্টি হয়। ফলে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল মুঠোফোনে নতুন সময়কে জানান, প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে। পরবর্তী ধাপের কাজের অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পুনরায় কাজ শুরু করা হবে। এছাড়া এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার খারাপ অবস্থার জন্য রোগী নিয়ে যাতায়াতের সময় প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে, এমনকি পথে রোগীর শারীরিক অবস্থাও আরও অবনতির দিকে যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত সড়ক সংস্কার না করা হলে এ ধরনের সমস্যা আরও বৃদ্ধি পাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
