|
ভোটের লড়াইয়ে দীঘিনালায় শক্ত অবস্থান নিচ্ছেন মো: কাউছার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() ভোটের লড়াইয়ে দীঘিনালায় শক্ত অবস্থান নিচ্ছেন মো: কাউছার রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দীঘিনালা উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন। গণসংযোগকালে মো. কাউছার বলেন, হাতপাখা প্রতীকে বিজয়ী হলে তিনি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সমতা ও ন্যায়ের ভিত্তিতে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে কোনো বৈষম্য থাকবে না—এমন প্রতিশ্রুতিও দেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপচারিতায় তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালার গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাঠে সক্রিয় হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা। গ্রামভিত্তিক গণসংযোগে জোর দেওয়ায় দীঘিনালায় নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
