হুমকির মধ্যেই মাঠে মিলন: বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘোড়া প্রতীকে ভোটযুদ্ধ শুরু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 22 January, 2026, 5:31 PM
হুমকির মধ্যেই মাঠে মিলন: বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘোড়া প্রতীকে ভোটযুদ্ধ শুরু
নির্বাচনী প্রতীক বরাদ্দের পরদিনই নিরাপত্তা শঙ্কার মধ্যেও মাঠে নামলেন গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে তিনি শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা মাওনা চৌরাস্তা, মাওনা বাজার ও আশপাশের এলাকায় টানা গণসংযোগ চালান।
প্রায় ১০ কিলোমিটার এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ঘোড়া প্রতীকে ভোট চান মিলন। প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় ইজাদুর রহমান মিলন বলেন,“আমি গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী। আমার প্রতীক ঘোড়া।
আজ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাড়া পেয়েছি, মানুষের ভালোবাসা আমাকে নতুন করে সাহস দিচ্ছে। ইনশাআল্লাহ, জনগণই আমার শক্তি।”
তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার পর থেকেই বিভিন্ন উৎস থেকে হুমকিমূলক ফোন কল পাচ্ছেন। “নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আমাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হচ্ছে। এটি কোনো প্রদর্শন নয়, আত্মরক্ষার প্রয়োজন,”—বলেন তিনি।
এদিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা চালানোকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেক ভোটার একে সাহসিকতার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।