|
গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান : অস্ত্র, মাদক ও ইজিবাইকসহ গ্রেপ্তার একাধিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান : অস্ত্র, মাদক ও ইজিবাইকসহ গ্রেপ্তার একাধিক পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, ইয়াবা ট্যাবলেট, ছিনতাইকৃত ইজিবাইক, নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ডিবি (উত্তর) বিভাগের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাশিমপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৫) ও হযরত ওমর মৃধা (২৭)'কে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে অপর এক অভিযানে সুমন মোল্লা (৩৬)'কে গ্রেপ্তার করে, তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর ১৫ জানুয়ারি ২০২৬ ডিবি (উত্তর) বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার মাজারবস্তি এলাকাসহ গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য শওকত আলী (৪৫), মঞ্জু মিয়া (৪০), শাহজাহান (৪০), বজলুর রহমান (৫০), কুদ্দুস আলী (৩৩), আব্দুর রব আকাশ, বদু মিয়া (৩৫) ও আব্দুল হালিম (৩২)'কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কুড়াল, চাকু ও মাফলার উদ্ধার করা হয় এবং চারটি ছিনতাইকৃত ইজিবাইক জব্দ করা হয়। একই দিন দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ডিবি (উত্তর) বিভাগের এসআই মো. জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য সম্রাটকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যমতে পলাতক রাজ্জাকের স্ত্রীর হেফাজত থেকে ৪৩ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। অন্যদিকে, ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি শর্টগান সদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে মো. রাব্বি সরকার (২৬) ও আনছারুল হক ওরফে আসান ভূইয়া (৩০)কে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান সদৃশ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
