|
নিখোঁজের ৩ দিন পর নিজ ঘরে মিলল শিশু আয়েশা মনির বস্তাবন্দি লাশ
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() নিখোঁজের ৩ দিন পর নিজ ঘরে মিলল শিশু আয়েশা মনির বস্তাবন্দি লাশ গত শুক্রবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়েশা মনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে আয়েশার বাবা বাবুল প্যাদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েশার ছবি প্রচার করা হয়, এলাকায় মাইকিং করা হয় এবং স্বজন ও প্রতিবেশীরা দলবদ্ধভাবে খোঁজে নামেন। কোথাও কোনো সূত্র না পেয়ে উৎকণ্ঠা আর আশার মধ্যে দিন কাটছিল পরিবারটির। অবশেষে রোববার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে তদন্তে এসে বাড়িতে তল্লাশি চালায়। এ সময় রান্নাঘরের এক কোণ থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় আয়েশা মনির নিথর দেহ উদ্ধার করা হয়। এ দৃশ্য দেখে পরিবার ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। নিহত আয়েশা মনি স্থানীয় নেতা সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা আসমতারা জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, নিজের বাড়ির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুটির বাবা শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার তদন্তে গিয়ে বাড়িতে তল্লাশি চালানোর এক পর্যায়ে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
