|
নির্বাচনী প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও সম্প্রীতি জোরদার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() নির্বাচনী প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও সম্প্রীতি জোরদার বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। সভায় রামগড় ও দাতমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আনসার ও ভিডিপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী তৎপরতা, অস্ত্র ও মাদক চোরাচালান, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, “সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকার স্থিতিশীলতা রক্ষায় জনগণের সচেতনতা এবং দ্রুত তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সন্দেহজনক তৎপরতার তথ্য তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অপরাধী চক্র সক্রিয় হতে পারে—এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রতিরোধই সবচেয়ে কার্যকর। তিনি রামগড় অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, গুজব প্রতিরোধে গণমাধ্যম ও স্থানীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। পাশাপাশি ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন, নিয়মিত এ ধরনের সমন্বয় সভা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
