|
উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। প্রায় ১১টা ৩০ মিনিটের সময় মিয়ানমার দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাকে চ্যালেঞ্জ জানায়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে খালের পাড়ে ফেলে যাওয়া লুঙ্গিতে মোড়ানো দুটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। এর ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ৮ কাটে মোট ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনার পর রাতভর চিহ্নিত চোরাকারবারীদের ধরতে বিজিবি চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবা জব্দসংক্রান্ত মামলার জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদমন ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
