|
হঠাৎ নিখোঁজ ৩ মাদরাসাছাত্রী, ২১ দিনেও মেলেনি সন্ধান
নতুন সময় প্রতিনিধি
|
![]() হঠাৎ নিখোঁজ ৩ মাদরাসাছাত্রী, ২১ দিনেও মেলেনি সন্ধান সম্প্রতি ঠাকুরগাঁও প্রেসক্লাবে নিখোঁজ ছাত্রীর অভিভাবকরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধার করার দাবি জানিয়েছেন। আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম বলেন, নিখোঁজের একদিন আগে আমি মেয়ের সঙ্গে দেখা করি। সে কেঁদে আমাকে বলে—‘মা, আমাকে বাড়িতে নিয়ে যাও’। আমি সেদিন তাকে বুঝিয়ে রেখে আসি। কিন্তু পরদিন থেকে মেয়েসহ আরও দুইজন নিখোঁজ। বেঁচে আছে নাকি মারা গেছে, কিছুই জানি না। তামান্না আক্তারের মা আকলিমা খাতুন বলেন, ৯ সেপ্টেম্বর সকালে মাদরাসার প্রধান শিক্ষিকা তাঁকে ফোন করে বলেন, তাঁর মেয়ে মাদরাসায় নেই। এর আগের দিন খাবারের বিষয়ে বকাঝকা হয়েছিল বলেও প্রধান শিক্ষিকা জানিয়েছিলেন। জুঁই খাতুনের বাবা শাহজালাল বলেন, আমরা কিছুই খেতে পারি না, ঘুমাতে পারি না। শুধু চাই, আমাদের বাচ্চাগুলো জীবিত ফিরে আসুক। প্রতিদিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, কোথাও কোনো হদিস নেই। নিখোঁজ হওয়ার পর পরিবারগুলো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পরে ১৪ সেপ্টেম্বর এক অভিভাবক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। মাদরাসার পরিচালক শহিদুল ইসলাম দাবি করেছেন, ওই ছাত্রীরা পরিকল্পনা করে চারটি ব্যাগে কাপড় নিয়ে পালিয়েছে। তিনি জানান, এই ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই তিন শিক্ষার্থী ট্রেনে চড়ে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে অজানা উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে কমলাপুর ও এয়ারপোর্ট রেলস্টেশনের সিসি ক্যামেরা চেক করা হলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। পজিটিভ কিছু তথ্য পাওয়া গেলে জানানো হবে। অভিভাবকরা ইতোমধ্যেই নিখোঁজ তিন ছাত্রীর ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যেখানে সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হন তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)। তারা দীর্ঘদিন ধরে মাদরাসার হাফিজি ও কিতাবি বিভাগে পড়াশোনা করছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
