|
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের ম্যাচ কবে?
নতুন সময় ডেস্ক
|
![]() নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের ম্যাচ কবে? ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। গৌহাটিতে কাল ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দুই দলেরই। আট দলকে নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এছাড়া বাকি পাঁচ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান। লিগ পর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। প্রথম আসরে সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচটি বাংলাদেশ জিতে ৯ রানে। এবার এই পাকিস্তানকে দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। ২ অক্টোবর ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোতে। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো) ৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গৌহাটি) ১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (গৌহাটি) ১৩ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তম) ১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয় (বিশাখাপত্তম) ২০ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (নাভি মুম্বাই) ২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (নাভি মুম্বাই) |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
