|
কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন হচ্ছে চিলমারী-হরিপুর মাওলানা ভাসানী ব্রিজ
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন হচ্ছে চিলমারী-হরিপুর মাওলানা ভাসানী ব্রিজ আগামী বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পরই যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। তবে চিলমারী অংশের প্রায় ২ কিলোমিটার রাস্তা এখনো সংস্কার ও কার্পেটিং শেষ হয়নি। ফলে সেতুর সাথে কুড়িগ্রামের সংযোগ কার্যত অনুপযোগী অবস্থায় থেকে যাচ্ছে। স্থানীয়দের ক্ষোভ চিলমারীর সাধারণ মানুষ মনে করছেন, সংযোগ সড়ক ঠিকভাবে প্রস্তুত না করেই উদ্বোধন করা হলে এর সুফল তারা ভোগ করতে পারবেন না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন— “সেতুর দরজা খুলে দেওয়া হলেও রাস্তা চলাচলের অনুপযোগী, এটি কুড়িগ্রামের মানুষের সঙ্গে এক ধরনের বৈষম্য।” কিছুদিন আগেই সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। মানুষজনের শঙ্কা, আসন্ন বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বড় যানবাহন চলাচল শুরু হলে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। স্থানীয় শিক্ষক আশিক ইকবাল বলেন, “সেতুর উদ্বোধন আর রাস্তা অকেজো—এটি কুড়িগ্রামের মানুষের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। এলজিইডি কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।” ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, “গাইবান্ধা অংশের কাজ যথাসময়ে শেষ হলেও কুড়িগ্রাম অংশে ধীরগতি সত্যিই দুঃখজনক।” কাজের গাফিলতি ও অনিয়মের অভিযোগ গাইবান্ধার হরিপুর অংশের কাজ অনেক আগেই শেষ হয়ে গেলেও চিলমারী অংশে দীর্ঘসূত্রিতা ও গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, একাধিক হাত বদল ও অনিয়মের কারণে কাজের মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় সাড়ে ১০ কোটি টাকার চুক্তিমূল্যে চিলমারী অংশের রাস্তা উন্নয়নের দায়িত্ব পান নওগাঁর উত্তর বড়গাছার মীর হাবিবুল আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পরে কাজটি একাধিক সাব-কন্ট্রাক্টরের হাতে চলে যাওয়ায় কাজের গতি কমে যায় এবং মান নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ প্রসঙ্গে স্থানীয়দের আশঙ্কা, সড়কটির টেকসই হওয়া নিয়ে এখনই প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, “বাস-ট্রাক চলাচল শুরু হলে কয়েক মাসের মধ্যেই সড়ক ভেঙে পড়তে পারে।” কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইফনুছ হোসেন বিশ্বাস বলেন, “আবহাওয়া অনুকূলে আসলেই দ্রুত কাজ শেষ করা হবে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।” তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে সংযোগ সড়ক সম্পূর্ণরূপে চলাচলের উপযোগী হয়ে যাবে। সেতুর গুরুত্ব তিস্তার উপর নির্মিত মাওলানা ভাসানী ব্রিজ দুই জেলার (কুড়িগ্রাম ও গাইবান্ধা) মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দুয়ার খুলে দেবে। পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভুরুঙ্গামারী স্থলবন্দরকে কেন্দ্র করে পণ্য পরিবহন আরও সহজ হবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর অঞ্চলের কৃষিপণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছানো যাবে। সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমে আসবে। এছাড়া পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন স্থানীয় উদ্যোক্তারা। তবুও শঙ্কা থেকেই যাচ্ছে সেতুটি উদ্বোধনের দিন ঘনিয়ে এলেও চিলমারী অংশের সংযোগ সড়ক অসমাপ্ত থাকায় মানুষের মনে শঙ্কা কাটছে না। স্থানীয়রা বলছেন, সেতুর মতো বৃহৎ অবকাঠামো প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সড়ক যদি মানসম্মত না হয়, তবে এই প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া যাবে না। তাদের দাবি, উদ্বোধনের আগে দ্রুততম সময়ে সড়ক চলাচলের উপযোগী করা না হলে কুড়িগ্রামের মানুষের ভোগান্তি আরও বাড়বে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
