সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন ও সড়ক প্রশস্তকরণে সকল বাঁধার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাড়ির দেয়াল ভাঙলেন।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যরা ও সিসিকের উপ সহকারী প্রকৌশলী ইসলামুর রহমানসহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) দেয়াল ভাঙার এই কাজ কোন জোর জবরদস্তী নয়, হয়েছে দুপক্ষের আন্তরিকতায়।
শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিন এর কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেন তিনি।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর জানান, সড়ক প্রশস্তকরণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেটের অভিভাবক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জনস্বার্থে এই উদারতা উদাহরণ হয়ে থাকবে।