দিনাজপুরের নবাবগঞ্জে প্রভাবশালী ব্যাক্তির মাধ্যমে অবৈধ ভাবে দখল হওয়া বন বিভাগের ৩ একর জমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বনবিভাগের যৌথ অভিযানে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল ইসলাম ও নবাবগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা খায়রুল ইসলাম সহ বনবিভাগের সদস্যরা উপস্থিত থেকে , বনের জমিতে আম গাছের সদ্য রোপণকৃত চারা উচ্ছেদ করে বন বিভাগের ৩ একর জমি উদ্ধার করেছেন ।
বনবিভাগ সূত্রে জানা যায়,উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ বিটের অন্তর্গত খটকটিয়া কৃষ্টপুর মৌজার বন বিভাগের ১৪৩২ নং দাগের ২নং খতিয়ানের ৩ একর জমি স্থানীয় প্রভালশালী করিমূল্লার সহযোগিতায় মীরশাদ নামে এক ব্যাক্তি দখল করেন এবং সেই জমিতে আম গাছের চারা রোপণ করে বাগান তৈরি করেন। বিষয়টি স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীদের চোখে পড়লে তাঁরা বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে দখল হওয়া বন বিভাগের ৩ একর জমি উদ্ধার করেন।
নবাবগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, খটখটিয়া কৃষ্টপুর মৌজার ১৪৩২ নং দাগে বন বিভাগের জমিতে মীরশাদ নামে এক ব্যাক্তি আমের বাগান তৈরি করে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের ৩ একর জমি দখলমুক্ত করা হয়।
এমন অভিযান উপজেলার সকল বিটে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।