নিখোঁজের দুইদিন পর শরীয়তপুরের সদর হাসপাতালের শৌচাগারে মিললো রোগীর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 July, 2024, 8:02 PM
নিখোঁজের দুইদিন পর শরীয়তপুরের সদর হাসপাতালের শৌচাগারে মিললো রোগীর মরদেহ
শরীয়তপুর সদর হাসপাতালের শৌচাগার থেকে বাবুল বেপারী (৪০) নামের এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। বাবুল বেপারী বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের আলী বেপারীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন পূর্ব তয়কা এলাকার বাবুল বেপারী। এসময় তার সাথে ছিলেন বৃদ্ধা মা রোকেয়া বেগম। মধ্যরাতে মা রোকেয়া বেগম ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে শয্যায় দেখতে পাননি ছেলেকে। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন। কোথাও খুঁজে না পেয়ে বিষয়টি তিনি নার্সদের জানান। এরপরেও বাবুলের কোনো খোঁজ না পেলে শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান রোকেয়া বেগম।
শুক্রবার বিকেলে আবারও হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন রোকেয়া বেগম। এরপর শনিবার সকালে অন্য রোগীরা শৌচাগার গিয়ে বাবুল বেপারীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বাবুল বেপারীর ভাতিজি হেনা আক্তার অভিযোগ করে বলেন, আমার চাচ্চু গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যান, তাহলে এই দুইদিন বাথরুম পরিষ্কার করা হয়নি? বাথরুম পরিষ্কার করলে ঠিকই আমার চাচ্চুকে আগে খুঁজে পাওয়া যেত। তারা চাচ্চুকে না খুঁজে উলটো রোগীকে পাওয়া যায়নি বলে আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেয়। আমরা এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।