আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরেই তেমন সাফল্য পাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ এই সময়ে কোপা আমেরিকা, বিশ্বকাপসহ বেশ কয়েকটি শিরোপা ঘরে তুলেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা। ব্রাজিল ফুটবলের পিছিয়ে পড়ার বড় একটি কারণ ভালো মানের স্থায়ী কোচ। দীর্ঘদিন ধরেই যেই পদটা খালি। এর আগে, তিতে দায়িত্ব পালন করেও ছিলেন চূড়ান্ত ব্যর্থ।
তবে সব আক্ষেপকে পাশ কাটিয়ে গত জুলাই মাসে আশার আলো দেখেছিল ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সেই থেকে ক্লাব পর্যায়ের অন্যতম সেরা এই কোচকে পাওয়ার ক্ষণ গুণছিল ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল দলের একাধিক খেলোয়াড়ও প্রকাশ করেছিলেন উচ্ছ্বাস।
তবে ব্রাজিল সমর্থকদের মাথায় হাত পড়ল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে। ক্লাবটি জানিয়েছে, ‘২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি।’ ফলে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ বন্ধ হয়ে গেল। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদোকে সরিয়ে দেওয়া। রিও ডে জেনিরোর এক আদালতের রায়ে তাকে সরিয়ে দেওয়ার আদেশ করা হয়। এদনালদোই আনচেলত্তিকে আনার ব্যাপারে কাজ করছিলেন।
গতকাল মঙ্গলবার এসব ইস্যুতে মুখ খুলেছেন কার্লো আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অবস্থান ব্যক্ত করে জানালেন এটাই তার শেষ ঠিকানা, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।’
এদিকে ব্রাজিলের সঙ্গে চুক্তির বিষয়ে গর্ব করলেও রিয়ালকে নিজের প্রথম পছন্দ বলতেও দ্বিধা করেননি এই ইতালিয়ান, ‘ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছিল কিন্তু আমার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। সেটি সবসময়ের জন্যই। তবে ব্রাজিলের সঙ্গে আমার কথা হওয়ার বিষয়ে আমি গর্বিত।’
রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সফল কোচ আনচেলত্তি। দুই মেয়াদে ক্লাবটির দায়িত্ব পালন করেন তিনি। প্রথমবার ২০১৩ থেকে ২০১৫, এরপর ২০২১ থেকে এখনো পর্যন্ত। পাঁচ মৌসুমে ক্লাবটিকে ১০টি শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি। এর মধ্যে আছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি ক্লাব বিশ্বকাপ, ২টি ইউরোপিয়ান সুপারকাপ, ১টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ১টি স্প্যানিশ সুপার কাপ ট্রফি।