ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ফেনীর ৩টি আসনে নৌকার মাঝি হতে চান ২৭ জন
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:50 PM

ফেনীর ৩টি আসনে নৌকার মাঝি হতে চান ২৭ জন

ফেনীর ৩টি আসনে নৌকার মাঝি হতে চান ২৭ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে নৌকার মনোননয়ন চেয়ে ২৭ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত তাঁরা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
 দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর গত সাতদিনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ৭ জন, ফেনী-২ (সদর) আসনে ৬ জন ও ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ১৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করে দৌড়ঝাঁপ শুরু করেন।

এর মধ্যে ফেনীর-(৩) সোনাগাজী-দাগনভূঞা আসনে সর্বোচ্চ সংখ্যক ১৪জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। হেভিয়েট নেতাদের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও প্রবাসীরাও। তবে চুড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন তা সিদ্ধান্ত হবে দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।

বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি মিজানুর রহমান মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহাব উদ্দিন টিপু, জুয়েল জাকারিয়া ও রোকেয়া বারী। 

ফেনী-২ (সদর) আসনে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন-বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া হাজারী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এড.কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া (নাসির)।

ফেনী-৩ ((দাগনভূঞা -সোনাগাজী) আসনে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী জেলা শাখার সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড. এম. কামরুল আনাম, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামছুল আলম ভুট্টু,ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক অভিনেত্রী শমী কায়সার, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রবাসী এ কে আজাদ, জেদ্দা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ এবং তার স্ত্রী পারভিন আক্তার,চাকসুর সাবেক জিএম আজিম উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. নিজাম উদ্দিন,সাবেক যুবলীগ নেতা আমজাদ হাজারী।

এছাড়াও দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ তারিখ পর্যন্ত আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। 

এদিকে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে বর্তমানে ফেনী-১ আসনে জাসদ’র শিরিন আখতার ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে রয়েছে। শুধু ফেনী-২ আসনেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য রয়েছে।তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনই আওয়ামী লীগের দলীয় প্রার্থী চায় তৃণমুল নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত কে হচ্ছে নৌকার প্রার্থী এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষন এবং জল্পনা-কল্পনা। 

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ নেতা দাবি করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মাট বাংলাদেশ গড়তে ফেনীর তিনটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী চাই। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকেই নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অতীতের চেয়ে বর্তমানে জেলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত।  

প্রসঙ্গত,এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status