|
ডেঙ্গু কেড়ে নিল আরেক নারী চিকিৎসকের প্রাণ
নতুন সময় ডেস্ক
|
![]() ডেঙ্গু কেড়ে নিল আরেক নারী চিকিৎসকের প্রাণ ২৭ বছর বয়সী শরীফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, “ডা. শরীফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আমাদের এখানে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে গতকাল আমাদের এখানে আনা হয়। “আমরা তার জন্য আইসিইউর ব্যবস্থা করে দিই। কিন্তু আনার সময়ই তার অবস্থা খারাপ ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, ভোরে মারা গেছেন।” রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন শরীফা বিনতে আজিজ। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। শরীফার মামা আবিদ হাসান জানান, ঢাকা মেডিকেল ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ অগাস্ট জ্বর আসে তার ভাগ্নির। “ডেঙ্গু ধরা পড়লে ও ছুটিতে চলে যায়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।” স্কুল শিক্ষক বাবার সন্তান শরীফা ছিলেন দুই ভাইবোনের মধ্যে বড়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার মামা। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
