ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ভারতীয় সেই হ্যাকারদের নিশানায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 August, 2023, 1:51 AM

দেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ভারতীয় সেই হ্যাকারদের নিশানায়

দেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ভারতীয় সেই হ্যাকারদের নিশানায়

বাংলাদেশে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ছয়বার, সিঙ্গাপুর থেকে চারবার এবং ফ্রান্স, ইতালি, ভারত, মালয়েশিয়া ও কানাডা থেকে একবার করে হামলার চেষ্টা চিহ্নিত করা হয়েছে।

যে ‘হ্যাক্টিভিস্ট’রা বাংলাদেশে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে, ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসও তাদের নিশানায় রয়েছে বলে সতর্ক করেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

পনেরই অগাস্টকে সামনে রেখে একটি ‘উগ্রপন্থি’ হ্যাকার গ্রুপের তরফ থেকে সাইবার হামলার হুমকি পাওয়ার পর গত ৪ অগাস্ট সরকারের জরুরি সাড়াদান দলের তরফে সতর্কতা জারি করা হয়।

সোমবার তারই একটি বর্ধিত কলেবর প্রকাশ করে সার্ট, যেখানে হ্যাক্টিভিস্টদের বিভিন্ন কৌশল সম্পর্কে জানানো হয়েছে।

বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসে হ্যাকিং টুল ব্যবহারের বিষয়টি শনাক্ত হয়েছে। বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে কারও ডিভাইসে ফিশিং লিংক পাঠিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সার্টের প্রতিবেদনে বলা হয়, অ্যাডমিন প্যানেল এড়িয়ে ‘এসকিউএল ইনজেকশন’ টুল ব্যবহার করে ওয়েবসাইট বিকৃত করে থাকে হ্যাকাররা। নির্দিষ্ট ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে ব্যাকডোর হিসেবে ব্যবহার করছে ‘পিএইচপি ওয়েব শেল’।

অ্যান্ড্রয়েড ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে ব্যবহার করছে ‘সাইবার র‌্যাট ভি ফাইভ’, ‘ক্র্যাক্স র‌্যাট ভি থ্রি’। এছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘টারমাক্স’ ও ‘ডিএইচ-হ্যাকবার’ টুল ব্যবহার করছে তারা। একসঙ্গে একাধিক ডিভাইস ব্যবহার করে ডিডস হামলার মাধ্যমে ওয়েবসাইট স্লো বা অফলাইন করার চেষ্টা চলছে। এ কাজে ‘হ্যামার’ নামে একটি টুল শনাক্তের কথা জানিয়েছে সার্ট।

সাইবার হামলার হুমকি, সতর্কতা জারি

‘গ্রে হ্যাট’ এর মতো অ্যাডভান্সড ফিশিং টুল ব্যবহার করছে হ্যাকাররা। এছাড়া সিকিউরিটি অডিট টুল হ্যাকবার ভি ২.৯, এমআইটিএম অ্যাটাক, কিলশট পেন টেস্টিং ফ্রেমওয়ার্ক টুল শনাক্ত করার কথা জানিয়েছে সার্ট।

বিভিন্ন ওয়েবসাইটে হামলার ১৫টি ঘটনাও তুলে ধরা হয়েছে সার্টের প্রতিবেদনে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ছয়বার, সিঙ্গাপুর থেকে চারবার এবং ফ্রান্স, ইতালি, ভারত, মালয়েশিয়া ও কানাডা থেকে একবার করে হামলার চেষ্টা চিহ্নিত করা হয়েছে।

সার্টের সোমবারের প্রতিবেদন বিষয়ে তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, “যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ওয়েবসাইট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের জন্য প্রতিবেদনটি সহায়ক হতে পারে।”

তিনি আরও বলেন, “তবে ব্যক্তি পর্যায়ে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কী ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে, তা আরও বিস্তারিত হলে ভালো হতো।

“কত মোবাইল ইনফেক্টেড হয়েছে, কোনো নির্দিষ্ট ডিভাইস বা অ্যাপ থাকলে হামলার সম্ভাবনা বাড়ছে কি না, সেগুলো সাধারণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।”

শুক্রবার বিজিডি ই-গভ সার্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ ওই হ্যাকার গ্রুপ নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ হিসেবে বর্ণনা করছে । গত ৩১ জুলাই এক বার্তায় তারা ১৫ অগাস্ট সাইবার হামলার ‘ঝড় বইয়ে দেওয়ার’ হুমকি দেয়।

ওই বার্তার একটি ছবি সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সেখানে দেখা যায়, ভারতীয় হ্যাকাররা ওই হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়েছে।

সে কারণে সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থায় সম্ভাব্য সাইবার হামলা ঠেকানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে বিজিডি ই-গভ সার্ট এর পক্ষ থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status