এনডিটিভির প্রেসিডেন্টসহ আরো কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 January, 2023, 10:58 AM
এনডিটিভির প্রেসিডেন্টসহ আরো কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ
ভারতের নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি) জানিয়েছে, তাদের প্রেসিডেন্ট সুপর্না সিংসহ আরো কয়েক জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ সম্প্রচারমাধ্যমটির ৬৫ শতাংশের মতো মালিকানার নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে সুপর্নাসহ অন্যদের পদত্যাগের এ ঘোষণা এলো।
ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিত্ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্য বিষয়ক প্রধান কর্মকর্তা কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন। পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশির ভাগটাই আদানি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ঐ পদক্ষেপের ফলে মাত্র চার মাসের চেষ্টাতেই ধনকুবের গৌতম আদানি নেতৃত্বাধীন কোম্পানিগুলোর কাছে সম্প্রচারমাধ্যমটির নিয়ন্ত্রণ চলে যায়। এই সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ঐ শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েক বার চেষ্টা করেও ব্যর্থ হয়।
বন্দর থেকে শুরু করে জ্বালানি ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপ এনডিটিভি নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে ভয়ে সম্প্রচারমাধ্যমটির ঊর্ধ্বতন নির্বাহী সম্পাদক রভিশ কুমারের নেতৃত্বে অনেক সাংবাদিকই প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। শুক্রবার ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগের কথা জানিয়ে এনডিটিভি বলেছে, নতুন কৌশলগত দিক ও লক্ষ্য নির্ধারণে নতুন নেতৃত্ব নিয়ে আসতে কাজ করছে কোম্পানি।