কাহি ফাউন্ডেশন ও ফরাজী হাসপাতালের ফার্স্ট এইড দিবসের সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 September, 2022, 12:16 AM
কাহি ফাউন্ডেশন ও ফরাজী হাসপাতালের ফার্স্ট এইড দিবসের সেমিনার অনুষ্ঠিত
কাহি ফাউন্ডেশন ও ফরাজী হাসপাতাল বারিধারার যৌথ উদ্যোগে বিশ্ব ফার্স্ট এইড দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ সেপ্টেম্বর, ফরাজী হাসপাতাল মিলনায়নে লং লাইফ ফার্স্ট এইড শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন কাহি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাসান মুহাম্মদ শারফুদ্দীন।
প্রধান অতিথি ছিলেন ফরাজী হাসপাতাল বারিধারার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈন উদ্দীন। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কাহি ফাউন্ডেশনের মুখপাত্র ডা.মুহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ।
কাহি মুহাম্মদ শাহীন রেজার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমপ্লায়েন্স প্রফেশনাল মুহাম্মদ মিজানুর রহমান, ডা. কাজী আশিকুর রহমান, ডা.সোনিয়া, এসজিসির সার্টিফিকেশন কো-অর্ডিনেটর মুহাম্মদ মোরশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাঈদ মাহমুদ সোহরাব ও ফরাজী হাসপাতালের আ্যডমিন মুহাম্মদ রফিকুল ইসলাম।
সেমিনারের মূল প্রবন্ধে ডা.ইব্রাহিম মাসুম বিল্লাহ ফার্স্ট এইড, ফার্স্ট এইডের বিভিন্ন স্তর,কার্যপদ্ধতি, ফার্স্ট এইড প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাইন উদ্দীন, জীবনব্যাপী ফার্স্ট এইড কার্যক্রমের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরে শিশু,কিশোর, যুবক ও বৃদ্ধসহ সবার জন্য ফার্স্ট এইড শিখন কার্যক্রম পরিচালনায় সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
করোনা মহামারী পরবর্তী নিউ নরমাল পরিস্থিতিতে আত্মহত্যার হার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে মেন্টাল ফার্স্ট এইডের প্রতি গুরুত্বারোপের পরামর্শ দেন। বিশেষত শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্যের জন্য সুস্থ বিনোদনব্যবস্থা, খেলাধূলার জন্য পর্যাপ্ত মাঠ তৈরির আহবান জানান। মানসিক অবসাদে ভোগা শিক্ষার্থীসহ সকল স্তরের লোকজনকে মেন্টাল ফার্স্ট এইড কর্মসূচির আওতায় আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সেমিনারে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোষাক শিল্প ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।