জমি নিয়ে বিরোধে কৃষকদের ওপর গুলিবর্ষণ, একজন গুলিবিদ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 7:05 PM
জমি নিয়ে বিরোধে কৃষকদের ওপর গুলিবর্ষণ, একজন গুলিবিদ্ধ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানকাটার সময় কৃষকদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোসনাশর এলাকায় এ ঘটনা ঘটে। এতে শাহজাহান ভুট্টু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, উপজেলার জোসনাশর গ্রামের হাসান আলী তার বন্ধু আব্দুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি কিনেছিলেন। কিন্তু দলিল না করায় জমির মালিক থেকে যান আব্দুল কাদেরের ভাই ইঞ্জিনিয়ার সোহরাব। এরপর হাসান আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তার স্ত্রী মাজেদা খাতুন। এবার ওই জমির ধান কাটতে ৮ জন কৃষকের সঙ্গে চুক্তি করেন মাজেদা। এরপর কৃষকরা ধান কাটতে যান। খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব তাদের ধান কাটতে নিষেধ করেন এবং একপর্যায়ে তাদের ওপর গুলি চালান। এতে ভুট্টু আহত হন। তার হাত ও কানে গুলি লেগেছে।
মাজেদা খাতুন জানান, সোহরাবের ভাইয়ের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলাম। তবে জমি ক্রয় করলেও দলিল করা হয়নি। কিন্তু যার কাছ থেকে জমি ক্রয় করেছি তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছেন না। এবার ওই জমির ধান কাটতে ৮ জন কৃষকের সঙ্গে চুক্তি করেছিলাম। সোহরাব তাদের ওপর গুলিবর্ষণ করেছেন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জোসনাশর এলাকায় বিরোধপূর্ণ ওই জমিতে মাজেদা খাতুনের চুক্তি করা কৃষকরা ধান কাটছিলেন। খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে তাদের ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত বন্দুক দিয়ে কৃষকদের ওপর গুলি চালান। এতে একজন কৃষক আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।