ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউএনও’র স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিচ্ছিল সরকারি গাড়ি, ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:49 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 May, 2022, 11:07 AM

ইউএনও’র স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিচ্ছিল সরকারি গাড়ি, ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

ইউএনও’র স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিচ্ছিল সরকারি গাড়ি, ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রীকে কর্মস্থল সিংড়ায় পৌঁছে দিচ্ছিল সরকারি গাড়ি। দ্রুত গতিতে চলা গাড়িটির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক সাংবাদিকের।

সোমবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম মো. সোহেল রানা (৩৪)। তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও সিংড়া প্রেসক্লাবের সদস্য। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত (মৌমিতা) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সহধর্মিণী। সোমবার সকালে ইউএনওর স্ত্রীকে তার কর্মস্থলে পৌঁছে দিতে সিংড়ায় যায় সরকারি গাড়িটি, সাথে ছিলেন গাড়িচালক।

সিংড়ায় পৌঁছানোর আগে নিংগইন তেল পাম্প এলাকায় ইউএনওর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী সাংবাদিক সোহেল রানা। পরে নলডাঙ্গার ইউএনও সুখময় সরকার ঘটনাস্থলে আসেন।

আহত অবস্থায় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নিয়ে গেলে দুপুর ১টার দিকে মারা যান সোহেল রানা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন, মো. সুলায়মান ও মো. শরিফুল ইসলাম জানান, ইউএনওর গাড়িটি দ্রুত গতিতে সিংড়ার দিকে যাচ্ছিল। নিংগইন এলাকায় পৌঁছালে ওই গাড়ির চাকায় পিষ্ট হন সাংবাদিক সোহেল রানা।
ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কলেজে যান ইউএনও’র সহধর্মিণী মানসী দত্ত মৌমিতা। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেয়ার কথা অস্বীকার করে বলেন, নলডাঙ্গা ছোট উপজেলা, সেখানে পেট্রোল সঙ্কটের কারণে সিংড়ায় পেট্রোল নিতে পাঠিয়েছি। এ সময় ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান।

সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা আহত সাংবাদিকের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে নিহতের পরিবারকে সহযোগিতা করার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সাংবাদিক সোহেল রানা স্থানীয় পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামক একটি সংগঠনের সহ-সভাপতি, কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status