স্টেশনের ছাদ থেকে ঝাঁপ তরুণীর, কম্বলে বাঁচলো প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 12:32 PM
স্টেশনের ছাদ থেকে ঝাঁপ তরুণীর, কম্বলে বাঁচলো প্রাণ
ভারতের রাজধানী দিল্লির অক্ষরধাম মেট্রো স্টেশন। ২৫ বছর বয়সী এক তরুণী সেই স্টেশনের ভবনের ছাদে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্টেশনজুড়ে। একপরর্যায়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়লেও সিআইএসএফ জওয়ানদের কৌশলে এবং তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন তরুণী। সিআইএসএফ টুইটারে পোস্ট করেছে, প্রাণ বাঁচানোর রুদ্ধশ্বাস সেই মুহূর্তের ভিডিও।
তাতে দেখা যাচ্ছে, স্টেশনের ছাদের একেবারে এক কোণে দাঁড়িয়ে তরুণী। উর্দিধারী কয়েক জন তাকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তরুণী তাতে কান দিতে নারাজ। জীবন শেষ করার পণ ধরেছেন যে! তরুণীকে বিভিন্ন কথায় ভুলিয়ে রাখার সময়ের মধ্যেই ছাদ থেকে খবর যায় স্টেশনে সিআইএসএফ বুথে। অবশ্যম্ভাবী পরিণতি আঁচ করতে পেরে একটি মোটা কম্বল নিয়ে বুথ থেকে কয়েক জন জওয়ান দৌড়ে যান ছাদের ঠিক নীচে। এর পরেই তরুণী ঝাঁপ দেন। সরাসরি নীচে। কিন্তু প্রাণ বেঁচে যায়, কয়েক জন জওয়ান মোটা কম্বল ধরে থাকায়।
এরই মধ্যে সিআইএসএফ-এর তরফে খবর দেওয়া হয়েছিল থানা ও হাসপাতালে। তত ক্ষণে অকুস্থলে এসে পড়েন পুলিশ আধিকারিকরা। হাজির অ্যাম্বুল্যান্সও। তড়িঘড়ি তরুণীকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তিনি বিপদ মুক্ত। তবে একটি পায়ে চোট রয়েছে। কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা জানান, তরুণীকে বিভিন্ন কথায় ভুলিয়ে সমস্ত বন্দোবস্ত করার সময় বার করেছিলেন তাঁরা। ওই সময়টুকু হাতে পাওয়াতেই প্রাণ বাঁচে তরুণীর ।সূত্র-আনন্দবাজার।