ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পারিবারিক কলহে হঠাৎ বেপরোয়া সম্রাট, মুমূর্ষু নদী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 April, 2022, 12:37 PM

পারিবারিক কলহে হঠাৎ বেপরোয়া সম্রাট, মুমূর্ষু নদী

পারিবারিক কলহে হঠাৎ বেপরোয়া সম্রাট, মুমূর্ষু নদী

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিপরীত লিঙ্গের সিংহ রয়েছে দুই জোড়া। এর মধ্যে সম্রাট ও নদী দম্পতির মধ্যে 'পারিবারিক কলহ' শুরু হয় গত ২ ফেব্রুয়ারি। নির্দিষ্ট বেষ্টনীতে থাকাবস্থায় ওই দিন তারা মারামারিতে (কামড়াকামড়ি) লিপ্ত হলে উভয়েই আঘাতপ্রাপ্ত হয়। তবে বেশি চোট পায় পুরুষ সিংহ সম্রাট।

তখন পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টিন শেডে আলাদা করে রেখে চিকিৎসাসেবা দেওয়া হলে সুস্থ হয়ে ওঠে উভয়েই।

কিন্তু ১৭ দিনের মাথায় এই দম্পতি বেষ্টনীতে সঙ্গ নিরোধকালে (সেক্সুয়াল মিট) পূর্বের আঘাতের প্রতিশোধ নেয় পুরুষ সিংহ সম্রাট। প্রচণ্ড মারামারিতে লিপ্ত হয় সম্রাট ও নদী। এতে এবার বেশি আঘাতপ্রাপ্ত হয় সিংহী নদী। তার গলার নিচে রক্তাক্ত জখম হয়। এর পর থেকে সেই ক্ষতস্থান দিয়ে অনবরত ঝরতে থাকে পানি। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পার্ক কর্তৃপক্ষ উভয়ের চিকিৎসা করায়। পুরুষ সিংহ সম্রাট পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও অবস্থার অবনতি হতে থাকে স্ত্রী সিংহ নদীর।

পার্ক কর্তৃপক্ষ সবিস্তারে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং এরপর ২২ ও ২৭ ফেব্রুয়ারি দফায় দফায় চিকিৎসাসেবা দেওয়া হলেও উন্নতি ঘটেনি নদীর। ক্ষতস্থান থেকে পানি ঝরা বন্ধ না হওয়ায় চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী আহত সিংহ নদীর চিকিৎসায় পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেন। কমিটিতে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. বিবেক চন্দ্র সূত্রধরকে প্রধান করা হয়। কমিটিতে সদস্য রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইনসহ পাঁচজন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. বিবেক চন্দ্র সূত্রধর সিংহী নদীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা  জানান, মেডিক্যাল বোর্ড গঠন করে দফায় দফায় চিকিৎসাসেবা প্রদানের পরও দিন দিন খাবার গ্রহণ একেবারেই কমিয়ে দেয় সিংহ নদী। অনবরত মুখ থেকে লালা বের হতে থাকে তার। এত দিন একটু একটু খাবার গ্রহণ করলেও সর্বশেষ ২৭ মার্চ থেকে খাবার খাওয়া বন্ধ করে দেয়। তখন থেকেই সিংহীটি জিহ্বা বের করে রাখে এবং মুখ থেকে লালা ঝরার পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আরো দুজন বিশেষজ্ঞ ডাক্তারসহ মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরাও ব্যাপক চিকিৎসা কার্যক্রম চালু রাখলেও অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। উপরন্তু দিন দিন আরো বেশি দুর্বল হয়ে পড়ছে সিংহী নদী।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, সিংহী নদীর উন্নত চিকিৎসায় এর মধ্যে দুবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অসুস্থ সিংহী নদীকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ২৮ মার্চ সিরাম ও রক্তের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরবর্তী সময়ে ১২ এপ্রিল ল্যাবের পরীক্ষার ফলাফল এবং মেডিক্যাল বোর্ডের মতে সিংহী নদীর শরীরে ভাইরাল ইনফেকশন (viral infection) হয়েছে। যা  Feline immunodeficiency virus/Feline leukemia virus হিসেবে শনাক্ত হয়।

পার্ক কর্মকর্তা আরো জানান, ল্যাবের ফলাফল এবং বিশেষজ্ঞ ডাক্তারের ভাষ্যানুযায়ী- সিংহী নদীর বর্তমান অবস্থা একেবারেই ভালো নয়। যেকোনো মুহূর্তে সিংহী নদী মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই ধরা পড়া ভাইরাসের ব্যাপারে আরো বেশি নিশ্চিত হতে ফের পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পার্ক কর্মকর্তা মাজহার বলেন, চিকিৎসা প্রদানসহ সিরাম ও রক্তের নমুনা সংগ্রহ করার জন্য এর আগে দুবার সিংহী নদীকে অবচেতন করা হয়। ১ এপ্রিল অবচেতন করার পর চেতনা ফিরতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়। বর্তমানে সিংহীর অবস্থার আরো অবনতি ঘটেছে। ২৭ মার্চ থেকে সে পানি ছাড়া অন্য কোনো খাবারও গ্রহণ করেনি। তাই নতুন করে নমুনা সংগ্রহের জন্য অবচেতন করা হলে তা চরম ঝুঁকিপূর্ণ এবং চেতনা ফিরে না আসার আশঙ্কাই বেশি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এসব বিষয় বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যাবতীয় চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম অব্যাহত। সিরাম ও রক্তের নমুনা পরীক্ষার ফলাফলে একটি ভাইরাসও শনাক্ত হয়েছে শরীরে। তাই ভাইরাসটির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে হলে ফের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠাতে হবে। কিন্তু বর্তমানে সিংহী নদী এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তৃতীয়বার ট্র্যাঙ্কুলাইজ করাটাও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অবচেতন করা হলে এটির আর চেতনা ফিরে না আসারও আশঙ্কা রয়েছে। এর পরও সিংহী নদীর চিকিৎসায় কোনো হেরফের করা হচ্ছে না।

উল্লেখ্য, নদীসহ বর্তমানে পার্কে দুটি করে বিপরীত লিঙ্গের সিংহ রয়েছে। পুরুষ সিংহ দুটির নাম যথাক্রমে আট বছরের সম্রাট ও ১৩ বছরের রাসেল। অপরদিকে স্ত্রী সিংহ রয়েছে ৮ বছরের টুম্পা ও ১১ বছরের নদী। এর আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি পুরুষ সিংহ সোহেল মারা যায় হাসপাতালে। সোহেল মারা যাওয়ায় তিন মাস আগ পর্যন্ত তার সঙ্গী ছিল বর্তমানে অসুস্থ হয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দেওয়া স্ত্রী সিংহ নদী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status