ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বেশি কথা বললে আবরারের মতো মরবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 12:10 PM

বেশি কথা বললে আবরারের মতো মরবি

বেশি কথা বললে আবরারের মতো মরবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি না করায় ওয়ালিদ নিহাদ নামে এক ছাত্রকে মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে বিষয়টি প্রকাশ না করতে হুমকি দিয়ে বলা হয়, ‘বেশি কথা বললে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবি না, আবরারের মতো মরবি।’ ঢাকাপোস্ট

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান।

এর আগে রোববার রাতে সদ্য চালু হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ওই নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী নিহাদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, নিহাদ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।

নিহাদের সহপাঠীরা জানান, নিহাদকে রাত দেড়টার পর ধরে নিয়ে গিয়ে পিঠে ও মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। অত্যাচারের শিকার হয়ে তিনি বেশ কয়েকবার বমিও করেছেন।

ভুক্তভোগী ওয়ালিদ নিহাদ বলেন, ‘আমি কেন ছাত্রলীগের গ্রুপভিত্তিক রাজনীতি করি না, এ অভিযোগেই মূলত আমাকে ডাকা হয়। আমাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে আমার বুকে রামদা ধরা হয়। খালেদা জিয়ার ছবি আমার ফেসবুকে আপলোড দেওয়ানো হয়। আমার একটা ভিডিও ধারণ করে জোরপূর্বক বলানো হয়, ২০২৩ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক জিয়া দেশে ফিরবে। তখন ক্যাম্পাসে কোনো ছাত্রলীগের কুত্তা থাকবে না।’

এ ঘটনায় নিহাদ রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ভাই আমাকে হলে নিয়ে যায় এবং যাওয়ার সাথে সাথেই আমাকে থাপ্পড় মারে নাট্যকলা বিভাগের হিমেল ভাই। আমার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তুহিন ভাই, ২০১৪-১৫ সেশনের মুমিন ভাই, একই বিভাগের অ্যালেক্স সাব্বির ভাই, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তানভীর ভাইসহ আরও ৫ থেকে ৬ জন টানা লাথি-ঘুষি মারতে থাকে। সাথে ফোকলোর বিভাগের যাযাবর নাঈম (আবু নাঈম আব্দুল্লাহ) ভাই লাথি-ঘুষি মারতে থাকে। গলায় ও বুকের ওপর দাঁড়িয়ে অনেক মেরেছে নাঈম ভাই। আমি কেন রাকিব ভাইয়ের রাজনীতি করি না। আমি নাকি অন্যদেরও রাজনীতি করতে বাধা দিয়েছি, যা ভিত্তিহীন।’

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ‘পারিবারিক সমস্যার কারণেই আমার রাজনীতি করা সম্ভব নয়। আমি পড়াশোনা নিয়েই থাকতে চাই। কিন্তু আমাকে ক্যাম্পাসে থাকতে হলে নাকি রাজনীতি না করে উপায় নাই। একপর্যায়ে নাট্যকলার হিমেল ভাই আমার হাতে রামদা দিয়ে আমাকে যাযাবর নাঈম ভাইয়ের কাছে রাজনীতি করব বলে পা ধরে মাফ চাইতে বলে। কোনো শিক্ষকের কাছে বিচার নিয়ে যাবি না। রাকিব ভাই চাইলে ভিসি পরিবর্তন হয়। বেশি কথা বললে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবি না, আবরারের মতো মরবি।’

এদিকে ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দরজা আটকে আন্দোলন করছে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

এদিকে নিহাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন।

এ বিষয়ে হল প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, এ ঘটনাটি আমি আজ সকালে জানতে পেরেছি। আমরা এটা নিয়ে কাজ করব। হল-সম্পর্কিত আমার এখতিয়ারের মধ্যে যা আছে, সে বিষয়ে দাবি পূরণ করব।

প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা ২৪ ঘণ্টা সময় চেয়েছি। আইনের মধ্যে আমরা যা করতে পারব তা আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যেই করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status