নারায়ণগঞ্জের বন্দরে ব্রিকফিল্ড নামে একটি ইটভাটায় তিন শ্রমিককে লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন ও জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে।
ওই শ্রমিকদের আটকে রেখে নির্যাতনের বিষয়টি তারা তাদের পরিবারে জানালে। তাদের পরিবার জাতীয় পরিষেবা ৯৯৯-এ ফোন করে বিস্তারিত জানান। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এবং ব্রিকফিল্ডের ম্যানেজার জসিম উদ্দিনকে (২৫) আটক করেন।
মঙ্গলবার অভিযান চালিয়ে ওই শ্রমিকদের বন্দরের মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকার পিবিএম ব্রিকফিল্ডের বন্দিশালা থেকে উদ্ধার করা হয়।
আটক ব্রিকফিল্ডের ম্যানেজার জসিমউদ্দিন পাবনা জেলার চাঁদমহল থানার কদমতলী এলাকার বাসিন্দা।
নির্যাতনের শিকার শ্রমিকেরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মানপুর এলাকার মৃত মমরেজ শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) একই এলাকার আরশাদ আলী মিয়ার ছেলে রুহুল আমিন (৩০) ও একই থানার কালিকাপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (২৩)।
এ ঘটনায় নির্যাতনের শিকার শ্রমিক মাজহারুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় পিবিএম ব্রিকফিল্ডের মালিকসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- ব্রিকফিল্ডের মালিক বন্দর থানার দাঁশেরগাও এলাকার মামুন হোসেন (৩০) ফনকুন এলাকার এড. আনিসুর রহমান (৩০) একই এলাকার মোসলেম উদ্দিন (২৮) রাজন (৩৫) পাবনা জেলার চাঁদমহল থানার কদমতলী এলাকার বাসিন্দা ও ব্রিকফিল্ড ম্যানেজার জসিম (২৫) ও ব্রিকফিল্ডের সরদার মতিউর (৪৫)।
উদ্ধার হওয়া শ্রমিকেরা জানান, গত তিন মাস ধরে পিবিএম ব্রিকফিল্ডে প্রোডাকশনের মাধ্যমে কাজ করে আসছি। গত দুই মাস ধরে আমাদের কাজের মজুরি দিচ্ছে না মালিকেরা। আমরা আর কাজ করব না বলে জানালে পিবিএম ব্রিকফিল্ডের মালিক এড. আনিছ, মোমেন, মোসলেম, আনাস ও মামুনসহ ম্যানেজার জসিম ও ব্রিকফিল্ডের সরদার মতিউর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৯ ফেব্রুয়ারি রাতে লোহার শিকল দিয়ে বেঁধে আমাদের বেদম মারধর করেন তারা।
তারা আরও জানান, মারধর ও নির্যাতনের বিষয়টি আমরা আমাদের পরিবারকে জানালে তারা ৯৯৯-এ ফোন করে জানান। পরে বন্দর থানা-পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিকলবাধা অবস্থায় আমাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা দেশ রূপান্তরকে জানান, জরুরি সেবার মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর থানা-পুলিশ ফনকুন এলাকা থেকে নির্যাতনের শিকার শ্রমিকদের শিকলবাধা অবস্থায় উদ্ধার করে। শ্রমিক নির্যাতনের অভিযোগে এ সময় ব্রিকফিল্ডের ম্যানেজার জসিমকে আটক করা হয়েছে।