ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে পাচারের শিকার দুই নারী দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
রোকেয়া খাতুন জানান, তারা পুনে শহরে বাসাবাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়েন। এরপর তাদের আদালতের মাধ্যমে একটি শেল্টার হোমে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর দেশে ফিরে এসেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মো. রাজু জানান, ভালো কাজের লোভ দেখিয়ে দুই বছর আগে ঐ দুই নারীকে অবৈধভাবে ভারতে পাচার করে দেয় দালাল চক্র। পুনে শহরের পুলিশের হাতে ধরা পড়ার পর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে তারা। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে ঐ দুই নারীকে হস্তান্তর করা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়িতে পাঠানো হবে।