প্রয়াত চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ এখনও মুক্তি পায়নি; চলতি বছরের মার্চে মু্ক্তির পরিকল্পনা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানালেন সিনেমার প্রযোজক।
প্রায় এক যুগ ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর নাম বদলে গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে সেন্সর সনদ পেয়েছে সিনেমাটি; এটি পরিচালনা করেন পরিচালক জাহিদ হোসেন।
ছবির প্রযোজক, সহপরিচালক খোরশেদ আলম খসরু জানান, মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে তা পেছানো হয়েছে; চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।
অভিনেতা মান্নার চতুর্দশ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার;এদিন থেকেই সিনেমার প্রচারণা শুরু কথা থাকলেও তা এখন হচ্ছে না বলে জানান খসরু; মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করে প্রচারণা শুরু করবেন তারা।
২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির শুটিং শুরুর পর অল্প কিছু দৃশ্যের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মৃত্যু হয় মান্নার। বাকি অংশের কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে।
তখন না বদলানো হলেও এক যুগ পর নাম বদলিয়ে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি।
এ সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।