পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাবা বিয়ের দাওয়াতে যাওয়ায় বাড়িতে একা পেয়ে মেয়েকে গণধর্ষণ করেছে নরপশুরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রাম থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। গ্রেফতার তিনজন হচ্ছে- উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণীর বাবা পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। এসময় তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্তরা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ভয় দেখিয়ে প্রথমে কবির শেখ; পরে রাব্বী গাজী ও হৃদয় গাজী তাকে পালাক্রমে ধর্ষণ করে।
নাজিরপুর থানার ওসি তদন্ত মো. মাহিদুল ইসলাম জানান, ওই তরুণী বাদী হয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে থানায় মামলা একটি লিখিত অভিযোগ করেছেন।
এরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।