ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সম্পাদকের চেয়ারে নিপুণ, লাগিয়েছেন নেমপ্লেট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:02 PM

সম্পাদকের চেয়ারে নিপুণ, লাগিয়েছেন নেমপ্লেট

সম্পাদকের চেয়ারে নিপুণ, লাগিয়েছেন নেমপ্লেট

‘টক অব দ্য’ কান্ট্রিতে পরিণত হয়েছে শিল্পী সমিতির নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ। নিপুণের আপিলের প্রেক্ষিতে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিন পর্যন্ত জায়েদ-নিপুণ দু’জনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে আজ (১০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে বরণ করে নিয়েছে এফডিসির সবগুলো সংগঠন। এসব সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করেন এবং তাকে মিষ্টিমুখ করান। নিপুণকে বরণ করা প্রসঙ্গে এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে বরণ করেছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন। এদিকে শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন। সেখানে লেখা রয়েছে- নিপুণ আক্তার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আদালতের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। তিনি কবে চেয়ারে বসছেন- এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলব- আপিল বোর্ড থেকে আমি ন্যায়বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায়বিচার পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আদালতে দেখানো হয়েছে, আমরা শপথ নিয়েছি। শপথ নিয়ে আমি অলরেডি সেই চেয়ারে আছি। আর তাই সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি। এখানে কোনো বাধা নেই।’

এদিকে আজ (১০ ফেব্রুয়ারি) দুপুরে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ফুলেল শ্রদ্ধা শেষে সভাপতি উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। এছাড়াও ছিলেন রিয়াজ ও নিপুণ। তবে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সদস্যদের দেখা যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন নিপুণ। পরে গত ৫ ফেব্রুয়ারি জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এরপর আপিল বোর্ডকে বেআইনি দাবি করে হাইকোর্টে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন জায়েদ খান। হাইকোর্ট জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আপিল করেন নিপুণ। নিপুণের আপিলের প্রেক্ষিতে জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status