চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘জলদস্যু লিডার’ ফরিদ আলম প্রকাশ মিন্টুকে গ্রেফতার করেছে র্যাব। তাকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পরান সিকদার পাড়ার আবুল কালামের ছেলে।
শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা. লে. নিয়াজ মোহাম্মদ চপলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলার পলাতক আসামি ফরিদ আলম প্রকাশ মিন্টু চট্টগ্রাম নগরের কোতয়ালী থানাধীন লালদিঘির পাড় এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র্যাব ধাওয়া করে আসামি ফরিদ আলমকে ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, তিনি অস্ত্র মামলার পলাতক আসামি। ২০১৬ থেকে কুতুবদিয়া-মহেশখালী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা ছিনতাই, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন তিনি।
র্যাব জানায়, ফরিদ ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৮ সালে তারেক আজিজ নামে একজন জলদস্যুকে মাসিক বেতনে নিয়োগ করেন। তারেক আজিজ ২০১৮ সালে র্যাবের ক্রসফায়ারে মারা গেলেও ফরিদ পালিয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ৬টি এবং চট্টগ্রামে ৭টি মামলা রয়েছে।