ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই ২০২১ সাল শেষ করতে যাচ্ছে বেলজিয়াম ফুটবল দল। আর এগিয়েছে এশিয়ার দেশ বাংলাদেশ। ১৮৬তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল।
সম্প্রতি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত এ বছরের র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে
অবশ্য পুরো বছরেই শীর্ষে ছিলো বেলজিয়াম। বছরের শেষটাও শীর্ষে থেকেই কাটিয়ে দিচ্ছে তারা। আর দ্বিতীয়স্থানে থেকে বছর শেষ করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বেলজিয়ামের সাথে ব্রাজিলের ব্যবধান খুব বেশি নয়। বেলজিয়ামের পয়েন্ট ১৮২৮ দশমিক ৪৫ এবং ব্রাজিলের পয়েন্ট ১৮২৬ দশমিক ৩৫। মাত্র ২ দশমিক ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে সবার উপরে আছে বেলজিয়াম।
এরপর তৃতীয় থেকে দশমস্থান পর্যন্ত স্থান করে নিয়েছে যথাক্রমে- ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।
এদিকে এক ধাপ এগিয়ে ১৮৬তম স্থানে থেকে বছর শেষ করছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৯০৭ দশমিক ৮৩। গত নভেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৮৭তম স্থানে ছিলো লাল সবুজ জার্সিধারীরা।
অন্যদিকে নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে থাকবে জার্মানি। আর এক ধাপ পিছিয়ে ১৪৩তম স্থানে থেকে বছর শেষ করতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে।