ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসের অনুষ্ঠান
শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জের মেয়রের থাপ্পড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 5:26 PM

শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জের মেয়রের থাপ্পড়

শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জের মেয়রের থাপ্পড়

বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষা কর্মকর্তার নাম মো. মেহের উল্লাহ। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। বিজয় দিবসের অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। নাম ঘোষণার তালিকা নিয়ে মেয়র তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে থাপ্পড় মারেন।

শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ মুঠোফোনে বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাঁকে উপস্থাপনের দায়িত্ব দেয়। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনের একটি তালিকাও দেয়। ওই তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। তালিকা অনুযায়ী তিনি নামগুলো ঘোষণা করছিলেন। ৫ নম্বরে পৌরসভার নাম ঘোষণার কারণে মেয়র প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সবার উপস্থিতিতে মেয়র তাঁকে থাপ্পড় মারেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফাকে লিখিতভাবে জানিয়েছেন।

কামরুন্নাহার শেফা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষা কর্মকর্তা উপস্থাপক ছিলেন। ওই সময় আমি শহীদ মিনারের বেদিতে ছিলাম। নাম ঘোষণার সিরিয়াল নিয়ে মেয়র তাঁকে লাঞ্ছিত করেছেন। একজন মেয়র সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। ফলে বিষয়টি কোনোভাবেই ঠিক হয়নি। এ ব্যাপারে ওই শিক্ষা কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানার জন্য মো. শাহনেওয়াজ শাহানশাহের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status