নায়ক-নায়িকারা মুটিয়ে গেলে বেমানান লাগে: তথ্য প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 6:20 PM
নায়ক-নায়িকারা মুটিয়ে গেলে বেমানান লাগে: তথ্য প্রতিমন্ত্রী
সিনেমার নায়ক-নায়িকারা মুটিয়ে গেলে বেমানান লাগে বলে তাদের ওজন কমানোর পরামর্শ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এফডিসিতে সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’ এর মহরতে নায়ক-নায়িকাদের উদ্দেশে তিনি এ পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী বলেন, সিনেমায় যারা প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেন তাদের নায়ক নায়িকা বলা হয়। তারা যদি মুটিয়ে যান পর্দায় বেমানান লাগে। সেজন্য নায়ক নায়িকাদের ওজন কমাতে তাদের প্রতি হাতজোড় করে অনুরোধ করছি। তাদের আমার মতো ৮৮ কেজি ওজন হওয়া যাবে না।
নায়ক-নায়িকাদের উদ্দেশে তিনি আরও বলেন, স্ক্যান্ডাল ও বিতর্ক থেকে দূরে থাকতে হবে। অনেকেই বলেন, ফিল্মে যারা কাজ করেন বিতর্কে না জড়ালে টিআরপি বাড়ে না। কথাটির সঙ্গে আমি একমত নই। আমরা শাবানা, ববিতাকে দেখেছি। তারা মায়ের বয়সী। তাদের নিয়ে তো বিতর্ক শুনিনি।
সিনেমায় সরকারের অবদান উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১২ বছরে এফডিসি ও বঙ্গবন্ধু ফিল্ম সিটির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো কাজ চলমান। প্রতিবছর অনেক সিনেমাতে অনুদান দিচ্ছে। সরকারিভাবে ৬৪ জেলার সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। সুতরাং হতাশ হওয়া কিছু নেই।