দেশবাসীকে করোনা থেকে বাঁচাতে পাহাড়-জঙ্গল চষে বেড়াচ্ছেন ভুটানের রাজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 9:21 PM
দেশবাসীকে করোনা থেকে বাঁচাতে পাহাড়-জঙ্গল চষে বেড়াচ্ছেন ভুটানের রাজা
ভুটানের বিভিন্ন প্রান্তের জনগণের কাছে গিয়ে তাদের কভিড মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে উদ্বুদ্ধ করছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক। এজন্য তিনি মাইলের পর মাইল, একের পর এক জঙ্গল পাড়ি দিচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাত লাখের মতো জনসংখ্যার দেশটিকে রক্ষায় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দিয়েছে, তার বাস্তবায়ন ঠিক মতো হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণের জন্য গত ১৪ মাস ধরে চষে বেড়াচ্ছেন ভুটানের রাজা। কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে, কখনও ঘোড়ায় তিনি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। পাহাড়ি পথ, জঙ্গল, দুর্গম এলাকা কোনো বাধার কাছেই তিনি হার মানছেন না।
শুধু তা-ই নয়, নাগরিকদের সচেতন করে প্রত্যেক এলাকা থেকে ফিরে নিয়ম অনুযায়ী তিনি কোয়ারেন্টাইনও করছেন। রাজধানীর একটি হোটেলে তার কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। মাথায় বেসবল ক্যাপ, পরনে হাঁটু পর্যন্ত লম্বা ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গে পিঠে ঝোলানোর ব্যাগ; এভাবেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে দেখা গেছে নামগিল ওয়াংচুককে।
করোনাভাইরাস মোকাবিলায় ৪১ বছর বয়সী রাজা যে পরিশ্রম করছেন, তা যে বৃথা যায়নি, দেশটির সার্বিক পরিস্থিতি দেখলেই বোঝা যাবে। এখনও পর্যন্ত করোনায় বিপর্যস্ত চীন আর ভারতের মাঝখানে থাকা হিমালয়ের দেশটিতে ভাইরাসটি তেমন সুবিধা করতে পারেনি। তথ্যমতে, করোনায় মৃত্যু হয়েছে এ পর্যন্ত একজনের।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, জনগণকে মহামারি নিয়ে সতর্ক করতে রাজা যখন মাইলের পর মাইল সফর করছেন, দরজায় কড়া নাড়ছেন, তখন মানুষও তার কথা গুরুত্ব সহকারে নিচ্ছে। জনগণের জন্য নির্দেশনা জারি করার তুলনায় তার উপস্থিতি বেশ শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে।
লোটে শেরিং নিজেও একজন চিকিৎসক। অক্সফোর্ডে পড়াশোনা করা রাজার সঙ্গী হিসেবে তিনিও সাম্প্রতিক মাসগুলোতে ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গেছেন।
রাজা নিজের সর্বময় ক্ষমতা কমিয়ে ভুটানে ২০০৮ সাল থেকে সাংবিধানিক রাজতন্ত্র চালু করলেও দেশটির সামাজিক-রাজনৈতিক অঙ্গনে এখনও রাজ পরিবারের প্রতি আনুগত্যের প্রভাব প্রবল।